ইন্সপেক্টর-এসআইকে কুপিয়ে পালিয়েছে সাবেক ছাত্রলীগ নেতা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৬ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি তালিকাভুক্ত সন্ত্রাসী শাহ সোহান আহমেদ মুসাকে গ্রেপ্তার করতে গিয়ে তার ধারালো অস্ত্রের আঘাতে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ও এক এসআই আহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে পলাতক আসামি মুসাকে গ্রেপ্তার করতে তার দোকানে পুলিশ অভিযান চালায়।

এ সময় তাকে গ্রেপ্তার করতে চাইলে দোকানে থাকা একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় মুসা। হামলায় পরিদর্শক উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন।

দুই পুলিশ কর্মকর্তাকে আহত করে মুসা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থায় গুরুতর হওয়ায় উত্তম কুমারকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেপ্তার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত