বর্তমানে আমাদের রাজনৈতিক মুক্তি মিললেও অর্থনৈতিক মুক্তি আসেনি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের মৌলিক অধিকার এখনো নিশ্চিত হয়নি। তাই ছাত্রসমাজকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের মির্জানগরে অবস্থিত গণবিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত ৬ ছাত্র নেতাসহ ২২ জন বিভাগীয় প্রতিনিধির শপথবাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস সাক্ষী, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বেই সফলতা এসেছে।
