‘মায়াবতী’ ২২, ‘অবতার’ ৩৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

১৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পায় দুই নায়কের দুই সিনেমা।  ‘অবতার’ মুক্তি পেয়েছে ৩৩ হলে আর ‘মায়াবতী’ মুক্তি পেয়েছে ২২ প্রেক্ষাগৃহে।

অরুণ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘মায়াবতী’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় আগমন ইয়াশ রোহানের। এরপর একের পর এক সিনেমায় কাজ করেন তিনি।

‘মায়াবতী’ সিনেমা নিয়ে ইয়াশ রোহান বলেন, ‘মায়াবতী সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা। এই মুহূর্তে বাংলাদেশে যে ধরনের সংবাদ শুনিÑ ধর্ষণ, গণপিটুনিসহ অনেক কিছুই হচ্ছে। এমনই এক বিষয় উঠে আসবে এ সিনেমায়। ‘মায়াবতী’ সিনেমায় দেখানো হয়েছে নারীরা কতটুকু স্ট্রং। আমাকে ইকবাল চরিত্রে দেখা যাবে। চরিত্রের ব্যাপারে আমি খোলাসা করে কিছু বলব না। আমি চাই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখুক। চরিত্রটা অনেক ডিফারেন্ট একটা চরিত্র। আমি এ পর্যন্ত যতগুলো রোল করেছি, এটা সব থেকে আলাদা।’

এই ছবিতে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইয়াশ বলেন, ‘আমি প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম। কারণ ওনার মতো গুণী অভিনেত্রীর সঙ্গে কাজ করব। তবে তিশা আপুর সঙ্গে কাজ করতে গিয়ে এটা ফিল করিনি যে উনি অনেক অভিজ্ঞ, আমি কম অভিজ্ঞ। এটা উনি আমাকে ফিল করতে দেননি। কাজের সময় উনি অনেক কিছু আমাকে বুঝিয়ে দিয়েছেন। অনেক কিছুই ওনার কাছ থেকে শিখেছি আমি।’

সিনেমাটি নিয়ে তিশা বলেন, ‘পৃথিবীর প্রত্যেক মানুষের না বলার অধিকার আছে। সবার উচিত এটাকে সম্মান করা। আর এই বার্তা নিয়েই অরুণ চৌধুরী সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে।’

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি অডিও ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে তিশা-রোহান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, নরেশ ভূঁইয়া, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, আবদুল্লাহ রানা, তানভীর হোসেন প্রবাল, আগুন, মীমসহ অনেকে।

অপরদিকে ‘অবতার’ ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। এতে মাহির বিপরীতে আছেন নবাগত রুশো। ছবিটি নিয়ে পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘একেবারেই গল্পনির্ভর একটি ছবি অবতার। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে, যেখানে একটি সন্তান মাদকাসক্ত। এমন একটি সন্তান ধ্বংস করে দিচ্ছে পরিবার, প্রভাব পড়ছে সমাজে। আমি আমার এই ছবির মধ্যে সমাজের মানুষকে মাদক সম্পর্কে সচেতন করতে চেয়েছি।’

এই সিনেমার মাধ্যমেই বড়পর্দায় আগমন ঘটল রুশোর। তিনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি। সত্যিই অন্যরকম অনুভূতি হচ্ছে। তার চেয়ে বড় কথা প্রথম সিনেমাতেই মাহির মতো নায়িকা পাওয়া বিশাল একটা ব্যাপার। মাহির সঙ্গে কাজ করতে গিয়ে আমি অনেক কিছুই শিখেছি। সামাজিক সচেতনতামূলক একটি ছবি এটি। সমাজের নানা অসঙ্গতিকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে এই সিনেমায়। আশা করছি এই সিনেমা সব ধরনের দর্শকের কাছে ভালো লাগবে।’

এই সিনেমায় আরও অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, সুব্রত, সোহেল রানা প্রমুখ। ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মাহমুদ হাসান শিকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত