যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে তুরস্ক

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৯ এএম

যুক্তরাষ্ট্র থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এমন সংবাদের সত্যতা স্বীকার করেন প্রেসিডেন্ট এরদোগান। বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের উত্তেজনা বেড়েছে। সেই উত্তেজনা কমাতেই নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে তুরস্ক।

রয়টার্সকে প্রেসিডেন্ট এরদোগান জানান, দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে আলোচনা করেছেন তিনি। এই মাসে আসন্ন জাতিসংঘ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে ওই আলোচনা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের বিরোধিতা উপেক্ষা করে চলতি বছরের ১২ জুলাই রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর প্রথম চালান গ্রহণ করে তুরস্ক। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান এবং রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনায় আঙ্কারার ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় চুক্তি অব্যাহত থাকলে এফ-৩৫ কর্মসূচি থেকে তুরস্ককে বাদ দেওয়ার সতর্কতা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ার করা হয়েছে, অর্থনৈতিক অবরোধের মুখেও পড়তে হতে পারে দেশটিকে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করবে না।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলেছি, এস-৪০০-এর যে প্যাকেজই পেয়ে থাকি না কেন, আমরা তোমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ প্যাট্রিয়ট কিনতে পারি। তবে আমি বলেছি, আমাদের দেখতে হবে যে অন্ততপক্ষে যেন তা এস-৪০০ কেনার শর্তের সঙ্গে মেলে।’ এর মধ্য দিয়ে এরদোগান যৌথ উৎপাদন বা অনুকূল ঋণের দিকে ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত