ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারির পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছেন সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা। তারা বলছেন, আদালতের ফয়সালার পর যত দ্রুত সম্ভব ছাত্রদলের কাউন্সিল করতে হবে। আদালতের ফয়সালা না আসা পর্যন্ত তারা এভাবে বিক্ষোভ মিছিল করে যাবেন।
গতকাল রবিবার ছাত্রদলের সভাপতি প্রার্থী হাফিজুর রহমান হাফিজ দেশ রূপান্তরকে বলেন, কাউন্সিল নস্যাত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা প্রতিদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। বিক্ষোভ মিছিল করছেন। সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল আদালত দিয়ে স্থগিত করেছে। এ জন্য তারা বিক্ষোভ মিছিল করছেন। গতকালও নিজ সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। আদালতের ফয়সালা না হওয়া পর্যন্ত তারা এভাবে সতর্ক অবস্থানে থাকবেন।
গত বৃহস্পতিবার ঢাকার একটি আদালত ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহধর্মবিষয়ক মো. আমান উল্লাহর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যার পরিপ্রেক্ষিতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত হয়ে যায়। ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহ নেওয়াজ দেশ রূপান্তরকে বলেন, কাউন্সিল সামনে রেখে সারা দেশের কাউন্সিলররা ঢাকায় এসেছিলেন। তাদের অনেকে চলে গেলেও কেউ কেউ রয়ে গেছেন। কার্যালয়ে গিয়ে তাদের সময় দেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করছেন তারা। সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে সতর্ক থাকার অংশ হিসেবে তারা এসব করছেন।
