নারায়ণগঞ্জে কারা মহাপরিদর্শক

কারাগারগুলোকে সংশোধনাগার দেখতে চান প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ পিএম

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কারাগারগুলোকে আর কারাগার হিসেবে দেখতে চান না; তিনি এগুলো সংশোধনাগার হিসেবে দেখতে চান। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা কারাগারে ডে কেয়ার সেন্টার, প্রিজন জেন্টস পার্লার ও স্টুডিও, বন্দি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এবং বন্দি ব্যারাকের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন বন্দিদের সকালের নাশতা হিসেবে রুটি আর ১৪ গ্রাম গুড় দেওয়া হতো। এখন খিচুড়ি, সবজি-রুটি ও হালুয়া-রুটি দেওয়া হয়। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আগে উন্নতমানের খাবারে বরাদ্দ ছিল ৩০ টাকা; যা পাঁচগুণ বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। কারা মহাপরিদর্শক আরও বলেন, দেশের কারাগারগুলোতে ১৪১ জন চিকিৎসকের পদ রয়েছে। কিন্তু সেখানে মাত্র নয়জন আছেন। এ সংকট দূর করতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

এ সময় কারা অধিদপ্তরের ডিআইজি টিপু সুলতান, নারায়ণগঞ্জ জেল সুপার সুভাষ কুমার ঘোষ, জেলার শাহ রফিকুল ইসলাম, ডেপুটি জেলার তানিয়া জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত