গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। তার নাম শাহজালাল (৪০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার কেয়াবুনিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া জানান, ওই এলাকার একটি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
