জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ন্যায্য অধিকার আদায়ে জাতীয় পার্টি সব সময় শ্রমিকদের পাশে থাকবে।
সোমবার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির নেতাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
জাতীয় শ্রমিক পার্টির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, অধিকার ও দাবি আদায়ে সংগঠনের শক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই। দলকে আরও শক্তিশালী করুন। জাতীয় পার্টিই বাংলাদেশে একমাত্র শ্রমিকবান্ধব রাজনৈতিক শক্তি।
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপনের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান ও সংগঠনের সহ-সভাপতি ফজলে এলাহী সোহাগ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য হেলাল উদ্দিন, মঞ্জুরুল হক, এম এ রাজ্জাক খান প্রমুখ।
