সিলেটে সুরমা নদীর তীরে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন তিন ব্রিটিশ এমপি। তাদের নেতৃত্বে ২২ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল গতকাল সোমবার প্রায় দুই ঘণ্টা ধরে সুরমা নদীর কিন ব্রিজসংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়। কর্মসূচিতে অংশ নেওয়া তিন এমপি হলেন কনজারভেটিভ পার্টির পল স্কালি, এনি মারগারেট মেইন ও বব ব্ল্যাকম্যান।
পরিচ্ছন্নতা অভিযান শেষে তারা সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, সিলেটের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। বিপুলসংখ্যক সিলেটি ব্রিটেনে বসবাস করে সে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন।
ব্রিটিশ এমপিরা পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘ক্লিন সুরমা, গ্রিন সিলেট’ কর্মসূচির মাধ্যমে একদল স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী অনেক দিন ধরে সিলেটকে পরিচ্ছন্ন রাখতে কাজ করছে। তাদের কাজের সঙ্গে একাত্মতা পোষণ করতেই তারা (ব্রিটিশ এমপিরা) এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। এটা করতে পেরে তারা আনন্দিত। পরিচ্ছন্নতা অভিযান শেষে সিলেটের ঐতিহ্যবাহী স্থাপনা কিন ব্রিজ ঘুরে দেখেন তারা।
