সমুদ্রসৈকতে আন্তর্জাতিক নৃত্য উৎসব নভেম্বরে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১ এএম

কক্সবাজারের সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব। ‘ওশান ড্যান্স ফেস্টিভ্যাল ২০১৯’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে ২২-২৫ নভেম্বর। যৌথভাবে আয়োজন করছে ‘দ্য ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিক (ডব্লিউডিএএপি)’ এবং ‘নৃত্যযোগ’।

গতকাল সোমবার উৎসবের বিস্তারিত জানাতে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জানানো হয়, এশিয়ার ১৫টি দেশ থেকে এ উৎসবে যোগ দেবেন দুই শতাধিক নৃত্যশিল্পী, শিক্ষক, গবেষক ও কোরিওগ্রাফার। ইতিমধ্যে তাইওয়ান, কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের অংশগ্রহণকারীরা অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উৎসব চলাকালীন প্রতিদিন বিকেল ৪টা থেকে উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশ, এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন ঘরানার নৃত্য। এ ছাড়া অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক বক্তৃতা, সেমিনার, কর্মশালা। বক্তৃতার বিষয়বস্তু ‘দূরত্বের সেতুবন্ধন’। মূল বক্তব্য উপস্থাপন করবেন ভারতীয় শিল্পী লীলা স্যামসন, ড. উর্মিমালা সরকার, বাংলাদেশের শিল্পী লুবনা মারিয়াম।

পর্যটনের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটাতেই এই আয়োজন উল্লেখ করে নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মারিয়াম বলেন, দেশের পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমরা অঙ্গীকার করছি, জাতিকে একটি বিশ্বমানের উৎসব উপহার দেব।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের মহাব্যবস্থাপক শহিদুল আলম সাচ্চু, মাত্রার পরিচালক সানাউল আরেফিন, নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ, ডব্লিউডিএএপির স্টিয়ারিং কমিটির সদস্য জুডিথা অল মাকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নৃত্যযোগের সভাপতি আনিসুল ইসলাম হিরু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত