বিকেলে ‘রাজহংস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন বিকেলে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল ৪টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ ‘রাজহংস’ উদ্বোধন করবেন।

শনিবার বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান।

উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলের কারখানা থেকে ওই দিনই বিকেলে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা জলকামান স্যালুট জানিয়ে বিমানবন্দর থেকে ড্রিমলাইনারটি গ্রহণ করেন।

এর আগে গত বছরের আগস্ট ও ডিসেম্বর মাসে প্রথম ও দ্বিতীয় ড্রিমলাইনার ‘আকাশ বীণা’ ও ‘হংসবলাকা’ ঢাকায় এসে পৌঁছায়। জুলাই মাসে তৃতীয় ড্রিমলাইনার ‘গাঙচিল’ ঢাকায় অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রিমলাইনারগুলোর নাম রাখেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০০৮ সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ১০টি নতুন বিমান ক্রয়ের জন্য ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি করে।

চুক্তি অনুযায়ী বোয়িং ইতিমধ্যেই চারটি ৭৭৭-৩০০ইআর ও দুটি ৭৩৭-৮০০ এবং চারটি ড্রিমলাইনার বিমানকে হস্তান্তর করেছে।

২৭১ আসনের ‘রাজহংস’কে অন্যান্য বিমানের তুলনায় ২০ শতাংশ জ্বালানি সাশ্রয়ী হিসেবে তৈরি করা হয়েছে। এটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে একটানা ১৬ ঘণ্টা উড়তে পারবে।

বিমানটি ৪৩ হাজার ফুট উচ্চতায় ওয়াইফাই সেবা দেবে। এর ফলে যাত্রীরা আকাশ থেকে ইন্টারনেটের সাহায্যে বিশ্বের যে কোন স্থানে তাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত