ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নিউ রমনা সাব-স্টেশন বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে এক ইন্দোনেশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তৌফিক (৪৫) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ইঞ্জিনিয়ার মো. রাসেল জানান, তারা ঢাবি'র কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন নিউ রমনা সাব স্টেশন নামে ১৩২/৩৩ কিলো ভোল্টেজ বিদ্যুৎকেন্দ্রে কাজ করেন। তৌফিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। থাকেন নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ভুইঘর এলাকায়। তিনি ইন্দোনেশিয়ার নাগরিক। সকালে কেন্দ্রের ভেতরে ফ্লোরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
