ভারতে বেওয়ারিশ গরুর দৌরাত্ম্য বেড়ে গেছে। যখন-তখন মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানেও ঢুকে পড়ছে গরু। রাস্তায় মানুষের ওপর হামলার ঘটনা তো আছেই।
নিউজ এইটিন জানায়, ভারতের বিখ্যাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বম্বে আইআইটিতেও গরুর দৌরাত্ম্যে অতিষ্ঠ সেখানকার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী। এমনকি হোস্টেলে ঢুকে বই খেয়ে ফেলেছে গরু, এমন একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, হোস্টেলের কক্ষে ঢুকে খাটের ওপর রাখা বই অর্ধেকই সাবাড় করেছে ফেলেছে লাল রঙের একটি গরু।
জানা যায়, ক্যাম্পাসের তিন নম্বর হোস্টেলে ঢুকে পড়ে ওই গরু। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের একাংশ। তারা জানান, এটি প্রতিদিনই ঘটছে। গরুর উৎপাতে তারা চরম বিরক্ত। কিন্তু কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না।
এর আগেও প্রতিষ্ঠানটির ক্লাসরুমে গরু ঢুকে পড়েছিল। আরেক ঘটনায় গরুর গুঁতোয় গুরুতর আহত হয়েছিলেন এক শিক্ষার্থী।
