যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা নয় বলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন।
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সূত্রে রয়টার্স জানায়, সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনার পর সোমবার এমন মন্তব্য করেন খোমেনি।
খোমেনি বলেন, “ইরানের কোনো প্রতিনিধি ওয়াশিংটনের কোনো প্রতিনিধির সঙ্গে কোনো পর্যায়ের আলোচনায় বসবে না। ইরানকে চাপে রাখতে এটি তাদের নীতির অংশ।”
এ মাসের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ট্রাম্প দাবি করেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায়। রুহানির সঙ্গে বৈঠকে তারও আপত্তি নেই বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে ট্রাম্প প্রত্যাহার করে নিলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।
এরপর এ বছরের মে থেকে হরমুজ প্রণালিতে তেলের জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব জড়ায় যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি ট্যাংকার দখল ও ড্রোন ভূপাতিতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও চরমে পৌঁছে।
এ ছাড়া গত শনিবার সৌদি আরবের তেলক্ষেত্রে হুথিদের ড্রোন হামলার পেছনে ইরানকে দায়ী করেছে ওয়াশিংটন। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।
