এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-৩) স্বর্ণ পদক জয় করা আরচার রোমান সানাকে মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে রোমানকে মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রী। এ সময় দেশের আরচারির উন্নয়নে সকল ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
খবর বাসস।
শুক্রবার ফিলিপাইনের ক্লার্ক সিটিতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে চীনের শি ঝেনকিকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন রোমান। একই প্রতিযোগিতায় দলগত ইভেন্টে রুপা ও মিশ্র দলগততে ব্রোঞ্জ পদকও জয় করেন খুলনার এই আরচার। সোমবার দেশে ফেরার পর সেভাবে কোনো সংবর্ধনা না পাওয়ায় আক্ষেপের কথা বলেছিলেন রোমান। দেশ রূপান্তরের সঙ্গে আলাপে অভিমানী রোমান বলেছিলেন অনেক আক্ষেপের কথা। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা মিলল রোমানের।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, প্রধানমন্ত্রী এভাবে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ জোগালে আগামী অলিম্পিক গেমসে বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা অবশ্যই সম্ভব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন, আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জে. (অব.) মঈনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
