বিচারক-আইনজীবীর কথোপকথন প্রচারে মানা

প্রেস কাউন্সিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল : এলআরএফ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২ পিএম

বিচারক-আইনজীবীর কথোপকথন সংবাদপত্রে প্রকাশ না করা সংক্রান্ত বাংলাদেশ প্রেস কাউন্সিলের বিজ্ঞপ্তি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে সংবিধান, আইন ও মানবাধিকারবিষয়ক সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। পাশাপাশি প্রেস কাউন্সিলের এমন বিজ্ঞপ্তির নিন্দা জানিয়ে সংগঠনের নেতারা বলেছেন, এটি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল।

গতকাল মঙ্গলবার এলআরএফ সভাপতি ওয়াকিল আহমেদ হিরণ ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান রাজু এক বিবৃতিতে বলেন, প্রেস কাউন্সিল হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা দিয়েছে যা অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। তাদের এমন বিজ্ঞপ্তি গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। হাইকোর্টের রায়ে এমন কোনো নির্দেশনা নেই। তবে ওই রায়ে গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশে সতর্ক ও দায়িত্বশীল হতে বলা হয়েছে।

এলআরএফের বিবৃতিতে বলা হয়, বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ না করতে গত ১৬ মে হাইকোর্ট বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করলেও তা ২১ মে সংশোধন করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সংশোধনীর পর গণমাধ্যমকর্মীরা আগের মতোই আদালতের বিচারাধীন বিষয় ও কথোপকথন নিয়ে রিপোর্ট করে আসছেন। এর আগে গত ৯ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এক সৌজন্য সাক্ষাতে এলআরএফ নেতাদের বলেছিলেন, ‘আদালতে যা দেখবেন তা-ই লিখবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত