ভারতের সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানী। সেই মুকেশ আম্বানী কিনা কিনলেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। তবে, স্পষ্ট করে বললে বলা যায় কৌশলগত সেকেন্ড হ্যান্ড।
বিশ্বের বিলাসবহুল প্রায় সব গাড়িই রয়েছে মুকেশ আম্বানীর গ্যারেজে। কিছুদিন আগেই রোলস রয়েসের কালিনান গাড়ি কিনেছিলেন তিনি। তার সংগ্রহে থাকা গাড়ির তালিকায় এ বার যুক্ত হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি টেসলার নাম। কিন্তু আম্বানীর কেনা গাড়িটি সেকেন্ড হ্যান্ড!
টেসলার এস১০০ডি মডেলের এই গাড়িটি বাজারে এসেছিল ২০১২ সালে। মাত্র ৪২ মিনিট চার্জ দিয়ে প্রায় ৩৯৬ কিলোমিটার যেতে পারে এই গাড়ি। আর শূন্য থেকে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি তুলতে টেসলার এই মডেলের সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। আমেরিকার বাজারে গাড়িটির দাম ৭৫ লাখ টাকা হলেও বিভিন্ন কর দেওয়ার পর ভারতে গাড়িটির দাম প্রায় দেড় কোটি টাকা।
দেড় কোটির এই ইলেকট্রিক গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে। কিন্তু এর আগে এই রেজিস্ট্রেশন ছিল অন্য জনের। সেই অর্থে মুকেশ আম্বানীর কোম্পানি এই গাড়িটির দ্বিতীয় মালিক।
বিদেশ থেকে আমদানি করার সময় গাড়ির কাগজপত্র ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজকর্ম বেশ ঝামেলাপূর্ণ। তা এড়ানোর জন্য আমদানিকারক কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল এই গাড়িটির। তার পর হাত বদল করে এই টেসলা গাড়ির রেজিস্ট্রেশন করা হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে। আর হাত বদল হওয়া যে কোনও জিনিসকে আমরা চলতি ভাষায় আমরা সেকেন্ড হ্যান্ডই বলি। সেই অর্থে, ভারতের সব থেকে ধনী ব্যক্তির কেনা টেসলা গাড়িটিও সেকেন্ড হ্যান্ড।
সূত্র: আনন্দবাজার।
