১০ মিনিটের ঝড়ে লিভারপুলকে উড়িয়ে দিল নাপোলি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৯ এএম

ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু শেষ দশ মিনিটে সবই ওলট-পালট করে দিল নাপোলি। এই সময়ে জোড়া গোলে লিভারপুলকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা করেছে ইতালিয়ান ক্লাবটি।

ক্লাব পর্যায়ে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ‘ই’ গ্রুপের ম্যাচটিতে মঙ্গলবার রাতে লিভারপুলকে ২-০ গোলে হারায় নাপোলি। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ড্রিস মের্টেন্স। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দো লরেন্তে।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে বেশ আধিপত্য দেখায় নাপোলি। সপ্তম মিনিটে আদ্রিয়ান রুইজের দুটি প্রচেষ্টা লিভারপুল গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর হেডে জাল খুঁজে নিয়েছিলেন উইঙ্গার হিরভিঙ লোজানো; কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশ হতে হয় স্বাগতিক সমর্থকদের।

প্রথমার্ধের শেষ দিকে লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহর শট দূরের পোস্টের বেশ বাইরে দিয়ে যায়। লক্ষ্যভ্রষ্ট হয় রবের্তো ফিরমিনোর হেডও।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নাপোলি ফরোয়ার্ড মের্টেন্সের শট রুখে দেন লিভারপুলের স্প্যানিশ গোলরক্ষক আদ্রিয়ান।

৮২তম মিনিটে পেনাল্টি পায় নাপোলি। ডি-বক্সে অ্যান্ড্রু রবার্টসন কায়োহনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঝাঁপিয়ে পড়েও মের্টেন্সের নেওয়া স্পট কিকটি রুখতে পারেননি লিভারপুল গোলরক্ষক আদ্রিয়ান।

লিভারপুলের রক্ষণভাগের ফাঁক গলে দলকে আরও একটি গোল এনে দেন নাপোলি স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তে।

‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত