টেলিভিশন সিরিয়াল নিয়ে অনেক ধরনের অভিযোগ শোনা যায়। তবে জরিমানার কথা খুব একটা শোনা যায় না। অশ্লীল ধর্ষণ দৃশ্য দেখানোর দায়ে এমনটা হয়েছে সম্প্রতি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ধর্ষণ দৃশ্য দেখানোর অপরাধে একটি তামিল টেলিভিশন চ্যানেলকে আড়াই লাখ রুপি জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চ্যানেলে অনুষ্ঠান চলাকালে ক্ষমা চাইতেও বলা হয়েছে।
বেসরকারি চ্যানেলটিকে নির্দেশ দিয়েছে ব্রডকাস্টিং কনটেন্ট কমপ্লেন্টস কাউন্সিল (বিসিসিসি)। শুধু অশ্লীল, আপত্তিজনক ধর্ষণদৃশ্যই নয়, সেই সঙ্গে সিরিয়ালটিতে সহিংসতার যে দৃশ্য দেখানো হয়েছে- তা নিয়েও আপত্তি তুলেছে সংশ্লিষ্টরা।
তামিল সিরিয়ালটির নাম ‘কল্যাণ বিদু’। বিসিসিসি’র নির্দেশ, আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ওই সিরিয়াল দেখানোর আগে ক্ষমা প্রার্থনা করতে হবে।
‘কল্যাণ বিদু’ প্রচার হচ্ছে সান টিভিতে। পরিচালনা করছেন থিরুমুরুগান, আর সুন্দারাজন ও এন সুন্দারেশ্বা। মাসখানেক প্রচার হয়েছে কমেডি ফ্যামিলি সোপ ওপেরাটির ৪০০তম পর্ব।
