‘আমরা সবাই মঞ্চকুঁড়ি, নটনন্দনে ফুটব’ সেøাগান নিয়ে শুক্রবার শুরু হচ্ছে ‘১৪তম জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ২০-২৮ সেপ্টেম্বর এ উৎসবে ৯৫টি শিশু নাট্যদল অংশ নিচ্ছে। নাটক মঞ্চায়নের পাশাপাশি ৮টি ভেন্যুতে প্রতিদিন ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনে ৪০০ শিশু-কিশোরকে ‘মঞ্চকুঁড়ি তনয় শিশু পদক’ দেওয়া হবে। পাশাপাশি পদক দেওয়া হবে উৎসবে অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি শিশুকে। উৎসব উপলক্ষে গতকাল বুধবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন একাডেমির সচিব বদরুল আলম ভুঁইয়া, প্রশিক্ষণ বিভাগের পরিচালক সুশান্ত কুমার সরকার, ইয়াসমিন আলী, জনসংযোগ কর্মকর্তা হাসান মামুন প্রমুখ। এ সময় জানানো হয়, শুক্রবার বিকেল ৪টায় জাতীয় নাট্যশালায় প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পী মুস্তাফা মনোয়ার, রামেন্দু মজুমদার, কামাল বায়েজীদ প্রমুখ। উৎসবের শেষ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে।
×
