সিদ্ধেশ্বরীতে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিবের ঝুলন্ত লাশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ এএম

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. মশিউর রহমানের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সর্বশেষ তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

মশিউর রহমানের আত্মীয় শরিফুল দেশ রূপান্তরকে বলেন, ‘সিদ্ধেশ্বরী কালীমন্দিরের কাছে সিলিকন ভিলার ফ্ল্যাটে পরিবারসহ থাকতেন মশিউর রহমান। বাসার সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যা করার কোনো লক্ষণ তার শরীরে ছিল না।’

মশিউর রহমানের স্ত্রীর বরাত দিয়ে তার আরেক আত্মীয় জানান, অবসরে যাওয়ার পর কিছুটা আর্থিক অনটনে ছিলেন মশিউর। তার একটি জমি কেনার জন্য সন্ধ্যায় বায়না করতে দুই ব্যক্তি আসে। তারা যাওয়ার কিছু সময় পর একটি কক্ষে মশিউরকে ঝুলে থাকতে দেখা যায়। পরে রমনা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নেয়। তার এক ছেলে ও এক মেয়ে। প্রথমে আত্মহত্যার কথা বলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের চেষ্টা করা হয়। পরে কয়েকজন আত্মীয় এটিকে পরিকল্পিত হত্যা সন্দেহ করে মরদেহের ময়নাতদন্ত করতে বলে।

মশিউর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। তিনি ২০১৪ সালে অবসরে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান দেশ রূপান্তরকে জানান, পুলিশ মশিউর রহমানের মরদেহের সুরতহাল করেনি। শুক্রবার সুরতহালের পর ময়নাতদন্ত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত