চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়ারলেস মোড় এলাকায় গয়নাছড়া খালের ওপর গড়ে ওঠা ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ওয়ারলেস মোড়ে খালের ওপর গড়ে ওঠা বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) একটি ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষের (সিডিএ) নেওয়া মেগা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি বলেন, গয়নাছড়া খালের ওপর থেকে ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যেখানে ২০টি বহুতল ভবনও ছিল। ওয়ারলেস মোড়ে খালের জায়গা দখল করে ইউএসটিসি অবৈধভাবে বহুতল ভবন গড়ে তোলে। অভিযানে গিয়ে ভবনটির অবৈধ কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইউএসটিসি কর্র্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কিছুদিন সময় দেওয়া হয়েছে। তারা নিজ উদ্যোগে অবৈধ অংশ ভেঙে নেবে। তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে নগরীর মহেশখালী খাল, ডোমখালী খাল, নোয়াখাল ও রাজখালী খাল-২, চাক্তাইখালসহ আরও কয়েকটি খালে উচ্ছেদ অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
