সীমান্তের কাঁটাতারের পাশে পড়েছিল বাংলাদেশির লাশ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩০ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে।  তিনি ওই উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মো. হাকিম উদ্দিনের ছেলে।

শুক্রবার ভোরে ডাবরী সীমান্তের ৩৬৯ পিলার এলাকার কাঁটাতারের পাশ থেকে পরিবারের সদস্যরা কামালের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করে গেদুরা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হামিদ জানান, নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাত ভেঙে দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাতে ওই গ্রামে ৮/১০জন ভারতের প্রবেশের চেষ্টা করে। কামালকে কারা হত্যা করেছে এটা এখনো পরিষ্কার নয় বলে জানান ইউপি চেয়ারম্যান।

এবিষয়ে নিহত কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম সামিউন্নবী চৌধুরী জানান, এক বাংলাদেশি মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এখন পর্যন্ত ভারতের ফুলবাড়ী বিএসএফের পক্ষ থেকে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে।

 এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে বিষয়টি খোলাসা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত