যুক্তরাষ্ট্রের একটি আদালত জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা এবং অঞ্চলটিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খণ্ডানোর জন্য মোদি সরকারকে নির্দেশ দিয়েছে।
আগামী ২১ দিনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সরকারি কর্মকর্তাকে এই জবাবদিহি করতে হবে।
দ্য ডন জানায়, কাশ্মীর খালিস্তান রেফারেনডাম ফ্রন্টের অভিযোগের ভিত্তিতে টেক্সাসের হাউস্টনের জেলা আদালত এই নির্দেশনা জারি করে।
২২ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেক্সাসে একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।
রেফারেনডাম ফ্রন্টের অভিযোগ, মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার ৫ আগস্ট জোরপূর্বক কাশ্মীর দখল করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সেটিকে বিতর্কিত অঞ্চলে অন্তর্ভুক্ত করেছে।
ভারতের প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য আরেকজন ভারতীয় কর্মী কানওয়াল জিত সিংয়ের বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কাশ্মীরের ওপর দীর্ঘতম ও নজিরবিহীন কারফিউ চাপিয়ে দেওয়া, বিশ্ব থেকে অঞ্চলটিকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা, কাশ্মীরিদের মৌলিক চাহিদা পূরণে বাধা সৃষ্টি করা, অবৈধভাবে আটক, জোরপূর্বক তুলে নেওয়া, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়।
