রাজধানীর মিরপুরে ঘুড়ির ছেঁড়া সুতা চালকের গলায় পড়লে সেটি ছাড়াতে গিয়ে রিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে কালশী রোডে আধুনিক হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খাদিজার বাবা আজম খান দেশ রূপান্তরকে জানান, সহকর্মীর বাচ্চার জন্মদিনের অনুষ্ঠান শেষে মিরপুর সাড়ে ১১ থেকে রিকশায় দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশাটি আধুনিক হাসপাতালের সামনে এলে হঠাৎ কোথা থেকে ঘুড়ির ছেঁড়া একটি সুতা চালকের গলায় এসে পড়ে। রিকশা চালানো অবস্থায় বাম হাত দিয়ে তিনি সেটি ছাড়ানোর চেষ্টা করার এক পর্যায়ে রিকশাটি উল্টে যায়। এ সময় মায়ের কোল থেকে খাদিজা ছিটকে সড়কে পড়লে মাথায় আঘাত লাগে। তিনি আরও জানান, অচেতন খাদিজাকে প্রথমে পল্লবীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে খাদিজাকে মৃত ঘোষণা করেন।
