কয়েক দিনের অসহ্য গরমের পর গতকাল বিকেলে হঠাৎ করেই বৃষ্টি নামে রাজধানীর বেশকিছু এলাকায়। অসহ্য গরমের পর হঠাৎ বৃষ্টি অধিকাংশ রাজধানীবাসীকে স্বস্তি দিলেও জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে অনেক এলাকার বাসিন্দাদের। মাত্র আধঘণ্টার বৃষ্টিতে ওইসব এলাকার সড়কে পানি জমে যায়। সে পানি নামতে লেগে যায় কয়েক ঘণ্টা।
গতকাল বিকেলে বৃষ্টির পর সরেজমিনে দেখা গেছে, মালিবাগ, মগবাজার, কাকরাইল ও গুলিস্তানসহ বেশকিছু এলাকার অধিকাংশ সড়কেই হাঁটুপানি জমে যায়। মগবাজার থেকে পশ্চিম মালিবাগ প্রবেশের তিনটি পথেই ছিল হাঁটুপানি। মৌচাক জামে মসজিদ থেকে সিদ্ধেশ্বরীর দিকে ঢোকার সড়কে এবং মৌচাক থেকে মগবাজার আসার মূল সড়কের বড় অংশও ছিল পানির নিচে।
ছুটির দিন থাকায় এদিন মৌচাক মার্কেটে ছিল ক্রেতাদের ভিড়। বৃষ্টিতে তাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। মৌচাক এলাকার বাসিন্দা হামিদ খান বাংলামোটরে এক কাজে এসেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাসা থেকে নামলেই গলিতে হাঁটুপানি। মূল রাস্তায় প্রবেশের মুখেই খোলা ডাস্টবিন। ময়লা, মলমূত্র আর পানিতে একাকার। পানিতে হেঁটে যাওয়াও সম্ভব নয়। কয়েক গজের দূরত্ব রিকশায় পার হয়েছি ১০ টাকায়। এরপর অনেক কষ্টে একটা বাস ধরে এলাম। এ কষ্ট অনেক দিনের। কিন্তু দেখার কেউ নেই।’
তবে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়নি সেসব এলাকার বাসিন্দাদের স্বস্তি দিয়েছে গতকালের বৃষ্টি। কয়েক দিনের তীব্র গরমে এখানকার জনজীবনে নাভিশ্বাস উঠেছিল। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল মৃদু তাপপ্রবাহ মাত্রার এবং আগের দিনের চেয়ে বেশি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিন-চার দিন রাজধানীসহ সারা দেশেই কিছু বৃষ্টি হবে। পাশাপাশি তাপমাত্রাও কিছুটা কমবে।
