বাগেরহাটের মোল্লাহাটে পিকআপের ধাক্কায় আলাউদ্দীন শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক আরোহী। শনিবার দুপুরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। চালক পিকআপ নিয়ে পালিয়ে গেছে।
নিহত আলাউদ্দীন শেখ খুলনা মহানগরের দৌলতপুরের মহেশ্বরপাশা এলাকার কেরামত আলীর ছেলে।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, শনিবার দুপুরে খুলনা থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপ মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তার উপর পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দীন নামে একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আলাউদ্দীন খুলনা থেকে তার ব্যক্তিগত কাজে বাগেরহাটের মোল্লাহাটে যাচ্ছিলেন। পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।
