বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগ দাবি ভিপি নুরের

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৬ পিএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক। 

বশেমুরবিপ্রবিতে চলমান আন্দোলনে সংহতি ও শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানাতে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখানে বশেমুরবিপ্রবি উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।

ডাকসু ভিপি নুরুল হক বলেন, ‘রাজনৈতিক দলদাস ও অনুগত ব্যক্তিদের দিয়ে পরিচালনার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক আন্দোলনে প্রশাসন ছাত্রলীগের মাস্তান বাহিনী দিয়ে হামলা চালায়। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই আমরা এই চিত্র দেখেছি। একই চিত্র দেখতে পাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুণ্যভূমি গোপালগঞ্জে। সেখানকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষার্থীদের বাছুর বলে মন্তব্য করেন।’

নুরুল হক বলেন, ‘গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে না আসতে পারেন, তার জন্য সাঁকো পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে এবং ভাড়াটে মাস্তান দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। গোপালগঞ্জের প্রশাসনকে বলতে চাই, বঙ্গবন্ধুর পুণ্যভূমিকে যে উপাচার্য কলঙ্কিত করলেন, আপনারা তার ও তার প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এমন অপদার্থ একজন উপাচার্য গোপালগঞ্জের মাটিতে থাকতে পারেন না। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ষড়যন্ত্র খোঁজা হলে তার ফল ভালো হবে না।’

বিক্ষোভ শেষে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লার সঞ্চালনায় এক সংহতি বিক্ষোভে অন্যদের মধ্যে পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, লুৎফুন নাহার, আবু হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা করা হয়েছে। আর শিক্ষার্থীদের এক ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা ক্যাম্পসে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত