রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবী জেড আই খানের চেম্বারে আসেন বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৭ নম্বর আসামি ও তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।
এ সময় আইনজীবী জেড আই খান বলেন, মিন্নির বিরুদ্ধে যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তা মনগড়া। এতে মূল আসামিদের অব্যাহতির সুযোগ তৈরি হয়েছে।
জেড আই খান বলেন, মিন্নির বিরুদ্ধে চার্জশিটের ব্যাপারে আগেই বলেছি, এটা মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের এ মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এ ধরনের কারবার করা হয়েছে।
মিন্নির জবানবন্দি ও তা প্রকাশ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জবানবন্দি আরেকটি উপন্যাস, যেটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেছেন, সুন্দর করে লেখা, যা চিন্তার বাইরে।
১৬৪ ধারার জবানবন্দি প্রকাশ ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
এ সময় আয়শার বাবা মোজাম্মেল হোসেন কিশোর সাংবাদিকদের বলেন, ঢাকায় আসার উদ্দেশ্য হচ্ছে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খানের সঙ্গে দেখা করা ও আইনি পরামর্শ নেওয়া।
তিনি অভিযোগ করেন, দ্বিতীয়ত মিন্নি অসুস্থ তাকে রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে, সে সেই ভয়াবহতায় ভুগছেন।
তার বাবার অভিযোগ, আয়শাকে মারধর করা হয়েছে। জয়েন্টে জয়েন্টে পেটানো হয়েছে। এ জন্য চিকিৎসকের পরামর্শ নেব। মিন্নির চিকিৎসা প্রয়োজন।
শনিবার বিকেলে মোজাম্মেল হোসেনের সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দেন মিন্নি।
৩ সেপ্টেম্বর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার মিন্নি জামিনে মুক্তি পান। মিন্নিকে জামিন দিয়ে গত ২৯ আগস্ট রায় দিয়েছিলেন হাইকোর্ট।
রায়ে বলা হয়, মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন।
