রাজশাহীর ব্যান্ড সংগীত সংস্কৃতি অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে রাজশাহীর ব্যান্ড সংগীত দলগুলো। রাজশাহীর বিভিন্ন ঘরানার ১২টি ব্যান্ডের অংশগ্রহণে প্রকাশিত হলো একটি ব্যান্ড মিক্সড অ্যালবাম ‘অবশেষে’।
গত ২০ সেপ্টেম্বর অ্যালবামটি মুক্তি পায়। এ অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে। সেটির মধ্যে রাজশাহী কেন্দ্রিক মোট তিনটি গান রয়েছে। তবে সকল কাজ রাজশাহী থেকেই সম্পন্ন করা হয়েছে। আবার এর মিউজিশিয়ানরাও রাজশাহীর। এটির আয়োজন করে জেনেসিস মিউজিক হোম।
জেনেসিস মিউজিক হোমের সিইও মো: সাজিদ বলেন, ‘আমরা আশা করছি, সকলের অংশ গ্রহণে আমাদের প্রচেষ্টা ও উদ্যোগ সফলতা পাবে এবং আমাদের অ্যালবাম রাজশাহী সহ সারা দেশে আলোড়ন সৃষ্টি করতে পারবে। যেখানে রাজশাহীকে গানের জগতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘অ্যালবাম নাম ‘অবশেষে’। রাজশাহী, ব্যান্ড সংগীত প্রেক্ষাপটে অনেক বছর ধরেই একটি যুগোপযোগী এবং শৈল্পিক আলোড়ন সৃষ্টিকারি অ্যালবামের সুপ্ত প্রয়োজনীয়তা ছিল। এই জন্যই সবার প্রচেষ্টা, অনেক দিনের পরিকল্পনা ও নিরলস পরিশ্রমের ফসল আমরা এই অ্যালবাম আপনাদের উপহার দিতে সক্ষম হয়েছি। তাই, অনেক দিনের সাধনা ও অপেক্ষার ফল হিসেবে অ্যালবাম নাম ‘অবশেষে’ দিয়েছি। এটির মাধ্যমে দেশের সকল তরুণ ও যুবকদের মাদকবিরোধী ও অপরাধবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বর্তমানে গানগুলোর অডিও প্রকাশ করা হলো। আমাদের ইচ্ছে আছে এগুলোর মিউজিক ভিডিও রাজশাহী থেকেই বানানো। তবে স্পনসরের অভাবে এটি এখন হচ্ছে না। ভবিষ্যতে দলগুলো নিজে নিজেই এর ভিডিও বানাবে।’
‘অবশেষে’ অ্যালবামে অংশ নেওয়া রাজশাহীর ১২টি ব্যান্ড হলো সায়ানাইড, পার্থিব, স্যালভেশান, বিবর্তন, প্রিজম, ফেরাল থ্র্রোন, রিভার্শান, ঋ, সাডেন নিক্স হারমনিক ব্ল্যাক এনহারমনিক ও রিভাইভাল।
