প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে করা মামলার আদেশের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার মামলার গ্রহণ বিষয় আদেশ দেওয়ার জন্য দিন ধার্য ছিল। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন। আদালতের পেশকার গোপাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ বাদী হয়ে এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রবিবার আদেশ দেবে বলে জানায়। মামলার বাদী মহিউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবিসির টক শোতে শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবেই বিদায় নিতে হবে। এ বক্তব্যের মাধ্যমে দুদু প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়েছেন। প্রধানমন্ত্রীকে ১৯বার হত্যার চেষ্টা করা হয়েছে। এ বক্তব্যও হত্যাচেষ্টার শামিল। তাই আদালতে এ মামলা দায়ের করেছি।
