চার নম্বরে পান্ত-শ্রেয়াস কেন একসঙ্গে নামতে গেলেন?

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১ এএম

শিখর ধাওয়ান আউট হওয়ার পর চার নম্বর পজিশনে ভারতের দুই ব্যাটসম্যান ঋষভ পান্ত এবং শ্রেয়াস আয়ার একসঙ্গে ক্রিজে আসার প্রস্তুতি নেন। দুজনের হাঁটা দেখে ধারাভাষ্যকাররা পর্যন্ত রসিকতা শুরু করেন। কোহলির ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি ওঠে।

এই পজিশন নিয়ে ভারতীয় দলে প্রশ্ন অনেক দিনের। কেউ থিতু হতেই পারছেন না। আজ একজনকে তো কাল অন্যজনকে পরীক্ষা করা হচ্ছে।

রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ঋষভ এবং শ্রেয়াস। ওই সময় উইকেটে ছিলেন কোহলি। এই অবস্থা দেখে ধারাভাষ্যকাররা বলতে থাকেন, ‘চার নম্বরে কে খেলবে এ যেন কৌন বানেগা ক্রোড়পতির প্রশ্ন!’

বিষয়টি নিয়ে মজা করেছেন কোহলিও। তিনি বলেন, ‘দুজন উইকেটে আসলে মন্দ হতো না। এক সঙ্গে তিন ব্যাটসম্যান খেলতাম।’

রসিকতা ছেড়ে এমন ভুলের ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় অধিনায়ক, ‘আসলে এটা ভুল বোঝাবুঝি। ব্যাটিং কোচ তাদের সঙ্গে কথা বলেছিল। দুজন হয়তো তার কথা বুঝে উঠতে পারেনি।’

কার আসলে ওই সময় নামার কথা ছিল, এ প্রশ্নে কোহলি বলেন, ‘আমরা ভেবেছিলাম ১০ ওভারের পর হলে ঋষভ নামবে। তার আগে কেউ আউট হলে যাবে শ্রেয়াস। আমার মনে হয় ওরা এটা বুঝতে পারেনি।’

শিখর আউট হন অষ্টম ওভারে। ওই সময় শেষ পর্যন্ত ঋষভকেই খেলানো হয়। তিনি ২০ বলে ১৯ রান করেন। পাঁচ নম্বরে নামা শ্রেয়াসও ব্যর্থ। আট বলে পাঁচ করে ফেরেন। ভারত থেমে যায় ১৩৪ রানে। দক্ষিণ আফ্রিকা জয় পায় ৯ উইকেটে, ১৯ বল হাতে রেখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত