জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বাড়ির মালিক সহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টায় পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
নিহতরা হলেন- শালাইপুর গ্রামের প্রয়াত আমজাদ আলীর ছেলে বাড়ির মালিক নুর মোহাম্মদ (৩৬) ও বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি নাঈম হোসেন (২৪)।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে সেপটিক ট্যাংকের ভেতরের সাটারিং খুলতে নেমে বাড়ির মালিকসহ ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বাড়ির মহিলাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সেপটিক ট্যাংকের সাইট ভেঙে মৃতদেহ দুটি উদ্ধার করে এবং আহত জাকারিয়াকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান দুজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
