পুলিশকে নাশকতার আগাম বার্তা দিয়েছিলেন শামীম ওসমান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৩ পিএম

নারায়ণগঞ্জে নাশকতা হতে পারে, জেলা পুলিশকে এমন আগাম বার্তা দিয়েছিলেন প্রভাবশালী এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। সোমবার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় জঙ্গি অভিযান চলাকালে শামীম ওসমানের সেই বিশেষ বার্তার বিষয়টি ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেরই মুখে মুখে। অনেকে বলেন, বিষয়টি আগেই টের পেয়েছিলেন শামীম ওসমান এমপি। তার আশঙ্কাই দেখলাম সত্য হলো।

ঘটনার পরেই শামীম ওসমান গণমাধ্যম কর্মীদের বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে না থাকলে যে কিছু ঘটবে সেটা আগেই আমরা ধারণা করেছিলাম। সে কারণেই পুলিশ সুপারকে কিছু বার্তা, তথ্য, আশঙ্কার কথা জানিয়েছিলাম। একজন এমপি হিসেবে দেশকে রক্ষায়, অরাজকতা ও ষড়যন্ত্র রোধে পুলিশ সুপারের সঙ্গে আমি কথা বলতেই পারি।’

গত ১৭ সেপ্টেম্বর পুলিশ সুপার কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেখানে পুলিশ সুপার হারুন অর রশীদ ও ২জন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক করেন।

জেলা পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, শামীম ওসমান এমপির ওই বৈঠকে দেয়া বার্তার প্রধান ইস্যু ছিল জঙ্গি ইস্যু। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থাকলে দেশকে অস্থিতিশীল করা হবে। ওই সময়ে দেশে নাশকতার বড় ধরনের পরিকল্পনা করা হতে পারে। বিভিন্ন স্থানে গোপন বৈঠক কিংবা বোমা বিস্ফোরণের মতো নাশকতা হতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে এমন ঘটনা ঘটানোর আশঙ্কাই বেশি’।

শামীম ওসমান ওই বৈঠকে বিশেষভাবে পুলিশের নিজের নিরাপত্তার তাগিদ দিয়ে বলেন, আগামী কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন জেলা বিশেষ করে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলোতে কিছু একটা ঘটানোর চেষ্টা হতে পারে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বাধাগ্রস্ত করতে স্বাধীনতা বিরোধীরা অপচেষ্টা করতে পারে, তাই বিশেষ সতর্কতা নিতেই অনুরোধ জানান শামীম ওসমান।

এ সময় তিনি পুলিশ সুপার হারুন অর রশিদের গাড়ি প্রস্থানের সময় চেক করা হয় কিনা সে ব্যাপারে নজর রাখতে অনুরোধ করেন এবং সকল পুলিশের গাড়ির নিরাপত্তার ওপর জোর দেন। এসপির গাড়ি চেক করতে আয়নার ব্যবহার করারও উপদেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত