বিয়েবাড়িতে আফগান বাহিনীর হামলায় নিহত ৩৫ বেসামরিক

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৯ পিএম

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের এক বিয়েবাড়িতে দেশটির সরকারি বাহিনীর চালানো অভিযানে অন্তত ৩৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে গতকাল সোমবার দুই প্রাদেশিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। হামলার সময় সরকারি বাহিনী গুলি ও বোমা ব্যবহার করে বলেও জানা যায়।

আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দিতে তালেবানের ব্যবহার করা একটি বাড়িতে ওই রাতে অভিযান চালিয়েছিল আফগান বাহিনী। কিন্তু অভিযানের সময় ওই বাড়ির লাগোয়া আরেকটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানে থাকা লোকজনও সরকারি বাহিনীর গুলির আওতায় পড়ে যায়। হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান বলেন, ‘৩৫ বেসামরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে। এ লোকজন মুসা কালা জেলার খাকসার এলাকায় হামলাস্থলের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল।’

প্রাদেশিক পরিষদের দ্বিতীয় আরেক সদস্য আবদুল মজিদ আখুন্দজাদা ওই হামলায় ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিদেশি সন্ত্রাসীরা ওই এলাকায় রয়েছে এমন সংবাদের ভিত্তিতেই হামলা চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত