ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌনতা নিষিদ্ধের আইনের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৭ পিএম

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে যৌন সম্পর্ককে নিষিদ্ধ করতে একটি প্রস্তাবিত আইনের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ওপর জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

বিবিসি বাংলা জানায়, প্রস্তাবিত নতুন অপরাধ আইন অনুযায়ী, বিয়ের আগে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিয়ে ছাড়া একসঙ্গে বসবাসের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের শাস্তি দেওয়া হবে। চিকিৎসাজনিত জরুরি অবস্থা বা ধর্ষণের পরিস্থিতি না হলে গর্ভপাতের শাস্তি সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড হবে।

এ ছাড়া  প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ধর্ম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় পতাকা বা জাতীয় সংগীতের মতো প্রতীক অবমাননা অবৈধ হিসেবে বিবেচিত হবে

মঙ্গলবার ইন্দোনেশিয়ার সংসদের সামনে ছাড়াও অন্যান্য শহরেও এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। এদিন প্রাথমিকভাবে সংসদে এই বিলটির বিষয়ে ভোট হওয়ার কথা ছিল।

তবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার পর্যন্ত ভোট স্থগিত করেন। তিনি বলেন, “নতুন আইন বাস্তবায়নের আগে আরও বিবেচনা প্রয়োজন।”

প্রস্তাবিত বিলটি পাস হতে দেরি হলেও বিক্ষোভকারীরা মনে করছেন শেষ পর্যন্ত সংসদে বিলটি অনুমোদিত হতে পারে।

ইন্দোনেশিয়ার অনেক শহরের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে আসেন, যাদের অনেকেই ছাত্র। মূল বিক্ষোভ হয় রাজধানী জাকার্তায় - বিক্ষোভকারীরা সংসদের স্পিকার বামবাং সোয়েসাতেয়ো'র সঙ্গে দেখা করার দাবি জানান।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়লে পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে।

বিক্ষোভরত এক নারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা দেখা যায়, “আমার দেহ কোনো সরকারের সম্পত্তি নয়।”

সুলাওয়েসি দ্বীপের ইয়োগিয়াকার্তা ও মাকাসা সহ আরও কয়েকটি জায়গায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলে।

পশ্চিম জাভার ইসলামি বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী ছাত্র ফুয়াদ ওয়াহইউদিন রয়টার্সকে বলেন, “দুর্নীতিবিরোধী সংস্থা দুর্নীতির বিরুদ্ধে নয় বরং দুর্নীতিবাজদের পক্ষে। এই নতুন আইনের বিরোধিতা করতে সংসদে যাব আমরা।”

এদিকে জাকার্তায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত