নওগাঁয় জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়ীদের আত্নসাৎ করা ২ কোটি ৬২ লাখ টাকার মধ্যে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয় এ অভিযান পরিচলনা করেন। এ সময় নওগাঁ জাতীয় সঞ্চয় অফিসের আলমারি থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, নওগাঁ জাতীয় সঞ্চয় অফিসে ৬০ গ্রাহকের জমাকৃত ২ কোটি ৬২ লাখ টাকা আত্মসাৎ হওয়ার ঘটনায় সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন ১৫ জুন থানায় একটি মামলা করেন।
তিনি জানান, মামলা তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করা হয়। তদন্তের এক পর্যায়ে ২৫ জুন নওগাঁ সঞ্চয় অফিসের অফিস সহায়ক সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে জানায়, টাকা আত্মসাতে জড়িত সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী হাসান আলী এবং তার অফিসের আলমারিতে সঞ্চয়ের আত্নসাৎকৃত টাকা রয়েছে।
বুধবার দিনভর নওগাঁ জাতীয় সঞ্চয় অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসান আলীর আলমারি থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
দুদক প্রাথমিকভাবে ধারণা করছে উদ্ধার টাকা আত্মসাৎ হওয়া টাকার অংশ।
হাসান আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
