ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ অন্য অভিযুক্তরা যেন ভারতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও সীমান্তে নজরদারি বাড়িয়েছে পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর গত মঙ্গলবার থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করে পুলিশ। সেই সঙ্গে বিজিবির পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসআই মোত্তালেব হোসাইন জানান, ক্যাসিনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট যেন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে যেতে না পারেন, সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। এরপর থেকেই তার নাম ব্লক করে দেওয়াসহ পুলিশের পক্ষ থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি অন্য কোনো অপরাধীরা যাতে এ পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে জন্য পাসপোর্টের ছবি ওয়ান্টেডভুক্ত ছবির সঙ্গে মিলিয়ে নাম-পরিচয় নিশ্চিতের পরই তাদের যাতায়াতের অনুমতি দেওয়া হচ্ছে।
