মুন্সীগঞ্জে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩১ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার একটি ঝোঁপ থেকে গতকাল বুধবার সকালে নিখোঁজের চার দিন পর মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বাঘরা এলাকার আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপ থেকে ওই মরদেহ উদ্ধার করে। জাহিদুল পূর্ব বাঘরা এলাকার মৃত মল্লুক চাঁনের ছেলে। এছাড়া সে বাঘরা এলাকার চাঞ্চল্যকর শাহাবুদ্দিন হত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি মো. রুবেলের ছোট ভাই।

পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হয় যুবক জাহিদুল। পরদিন তার বোন শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের চার দিন পর বুধবার সকালে নিজ বাড়ির আধা কিলোমিটার দূরে আজিজ মেম্বারের জমির পাশের ঝোঁপে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকা-। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত