রাজধানীর বিভিন্ন ক্লাবে অবৈধ ক্যাসিনো ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননসহ পাঁচজনকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রেজিস্ট্রি ডাকযোগে নোটিসটি পাঠান। ক্যাসিনো নিয়ে ‘অসাংবিধানিক বক্তব্য’ দিয়েছেন দাবি করে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের কাছেও নোটিস পাঠানো হয়েছে।
অ্যাডভোকেট ইউনুছ আলী দেশ রূপান্তরকে বলেন, ‘ইয়ংমেন্স ক্লাবের চেয়ারম্যান রাশেদ খান মেনন। যেহেতু ওই ক্লাবে ক্যাসিনো ব্যবসার ঘটনা ধরা পড়েছে, তাই এর দায় তিনি এড়াতে পারেন না। এজন্য তার ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
পাশাপাশি ক্যাসিনোর সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হলেও অনেককেই এখনো আইনের আওতায় আনা হয়নি। উপরন্তু বিমান ও পর্যটন সচিব বিদেশিদের জন্য ক্যাসিনো ব্যবস্থা রাখার কথা বলেছেন। আর হুইপ শামসুল হক ক্যাসিনো বা জুয়ার বিষয়ে সাফাই গেয়েছেন। এজন্য এ নোটিস পাঠানো হয়েছে।’
তিনি জানান, নোটিসপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে এ সম্পর্কে ব্যবস্থা নেওয়া ও তা জানাতে বলা হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট করা হবে।
