মুন্সীগঞ্জে জেলিযুক্ত চিংড়ি জব্দ, ৫ জনের কারাদণ্ড

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৪ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া মৎস্য আড়ত থেকে জেলিযুক্ত ২৫০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ৫ মাছ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

র‌্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি ১- এর কমান্ডার মো. সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মাওয়া মৎস্য আড়তে অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

এ সময় সেখানে বিক্রির জন্য নিয়ে আসা জেলিযুক্ত ২৫০ কেজি চিংড়ি জব্দ করে। এছাড়া জেলিযুক্ত চিংড়ি বিক্রির সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়।

আটকরা হলেন- শান্তি দাস (৬৫), ভজন লাল দাস (৫৮), জাকির খান (২৮), সোহাগ খান (২৮) ও রনি মালো (২৪)। এদের বাড়ি জেলার লৌহজং উপজেলার দক্ষিণ মেদেনী মন্ডল ও ঝাউটিয়া গ্রামে।

এদিকে, জেলিযুক্ত চিংড়িসহ আটকদের ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

এছাড়া জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত