বেড়াতে গিয়ে হোটেলের জিনিসপত্র চুরি করছেন ভারতীয়রা- এই অভিযোগ নতুন নয়। সেই কথা উল্লেখ করে আনন্দবাজার পত্রিকা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও’র খবর।
রবিবার হাউডি মোদীর সভার দিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হোটেলে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে দাবি।
ভিডিও’র মন্তব্যের ঘরে জানা যায়, সে দিন এনআরজি স্টেডিয়ামে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভার দিকে যখন সবার নজর, তখনই ক্যামেরায় ধরা পড়ে এক ভারতীয় দম্পতির কাণ্ড।
এক মিনিট নয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, হোটেলের একটি টেবিলে খাচ্ছেন এক দম্পতি। আশপাশের সবাই যখন খাবারে ব্যস্ত, তখন আচমকাই প্লেট থেকে ধোকলা তুলে নিয়ে ব্যাগে ঢোকাতে থাকেন নারী। ওই সময় আশপাশের কেউ নজর রাখছে কিনা তাও বারবার লক্ষ্য করছিলেন। কিন্তু ভাবতে পারেনি ধরা পড়ে গেছেন ক্যামেরায়।
গত জুলাইয়ে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বেড়াতে গিয়ে এমন কাণ্ড ঘটান এক ভারতীয় দম্পতি। হোটেলের শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেইন্টিং পর্যন্ত সুটকেসে ভরে রওনা দিয়েছিলেন তারা। কিন্তু হোটেল থেকে বেরোনোর মুখে কর্মীরা ব্যাগ পরীক্ষা করলে ধরা পড়ে যান।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, সম্প্রতি ভারতীয় অতিথিদের রুমে খাবার পর্যন্ত নিয়ে যেতে নিষেধ করে এক সুইস হোটেল।
২০১৭ সালে বিমানবন্দরে এক প্রবাসীর ব্যাগ থেকে আম চুরি করেন দুই ভারতীয়। সেই অপরাধে মঙ্গলবার তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এক আদালত।
