ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।

পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাত বর্তমান সরকারের অগ্রাধিকার সেবা খাত। কেবল শহর নয়, গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। যার সুফল ইতোমধ্যে দেশের মানুষ পেতে শুরু করেছে।

এ সময় তিনি এই হাসপাতালটিকে কেবল ১০০ শয্যায় উন্নীতকরণই নয়, অচীরেই এটিকে ২০০শ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরেরও ঘোষণা দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কেএনএম জাহাঙ্গীর জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে হাসপাতালটির নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৩১ কোটি ২৯ লাখ টাকা।

বর্তমান ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনগুলি ভেঙে একই স্থানে ৬টি নতুন ভবন নির্মাণ করা হবে। তার মধ্যে ৪ তলা বিশিষ্ট একটি হাসপাতাল ভবন ও দ্বিতল এবং তিনতলা বিশিষ্ট ৫টি ভবন নির্মিত হবে। নির্মাণ কাজ শুরু থেকে ১৮ মাসের মধ্য কাজটি শেষ করতে হবে বলেও তিনি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত