ঢাকায় ক্যাসিনো: প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততায় ১৪ দলের নিন্দা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৩ এএম

রাজধানী ঢাকায় প্রশাসনের নাকের ডগায় ক্যাসিনো গড়ে ওঠার জন্য তাদের ব্যর্থতা ও নির্লিপ্ততাকে দায়ী করার পাশাপাশি নিন্দা জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা থেকে এ নিন্দা জানানো হয়।

এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, দুর্নীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত, এটাকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা দুঃখিত ও বিস্মিত যে কিছু রাজনৈতিক কর্মী এই দুর্নীতি, অপকর্মের সঙ্গে জড়িত। আমরা আরও বিস্মিত হয়েছি ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততার জন্য নিন্দা করি।

তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব। কোনো দুর্বৃত্তকে যেন আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয়। প্রশাসনের মধ্যেও দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় আমরা নিন্দা জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

মোহাম্মদ নাসিম বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন মস্নান হয়ে যাবে– এটা আমরা মেনে নিতে পারি না। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন ১৪ দল তার সঙ্গে আছে। তবে দুবৃ©ত্তদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে চক্রান্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো অশুভ শক্তি যেন গুটিকয়েক দুর্বৃত্তের জন্য কোনোভাবে সুযোগ নিতে না পারে। দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থ নিতে হবে।

এ সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোর বিষয়ে প্রশ্ন করা হলে ক্লাবটির চেয়ারম্যান স্থানীয় সাংসদ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এটা আলংকারিক পদ, দায়িত্বের পদ না। আমি তো বলেছি, এক দিনই আমি ক্লাবে গিয়েছি, ফিতা কেটেছি, ওই দিনই শেষ। এতে যদি আমার গায়ে কালিমা লাগে, লাগবে।

স্থানীয় সাংসদ হিসেবে ক্লাবের কার্যক্রম সম্পর্কে তার জানা উচিত ছিল কি না– এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, প্রশাসনের কেউই জানল না, আমি সাংসদ হিসেবে সব জেনে ফেলব, ব্যাপারটা কি এতই সহজ? আমি সেখানে গিয়েছিলাম ২০১৬ সালে, আর ক্যাসিনো শুরু হয়েছে ২০১৭ সালে।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা বলছি কোনো দল দেখে, কোনো মুখ দেখে যেন ব্যবস্থা নেওয়া না হয়। যে অপরাধী তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন থেকে দুর্নীতির কালো বিড়াল ধ্বংস করতে হবে। রাজনৈতিক দল থেকে দুবৃত্তদের বের করে দিতে হবে।

১৪ দলের সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় ছিলেন সম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিপ্লব বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত