পাকিস্তান ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট অসম্পূর্ণ: সরফরাজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৩ এএম

নিজেদের মাঠে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সেই সঙ্গে পাকিস্তান সফর নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলোকেও মনোভাব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, পাকিস্তান ছাড়া বিশ্ব ক্রিকেট অসম্পূর্ণ।

অনেক অনিশ্চয়তার মধ্যেও তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা দল এখন পাকিস্তানে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

শ্রীলঙ্কা দলের এই সফরকে বিশ্বের অন্যান্য দলের জন্য বার্তা হিসেবে দেখছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানহীন আন্তর্জাতিক ক্রিকেট অসম্পূর্ণ। দেশের মাটিতে পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে অন্যান্য বোর্ডের প্রতি আহ্বান তার।

“পাকিস্তান পরিষ্কার একটি বার্তা দিয়েছে। অন্যদেরও পাকিস্তান সফরে এসে খেলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য এটাই সময়। পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিতে অন্য বোর্ডগুলোকে আমি অনুরোধ করছি।”

“এটা সম্ভব করতে প্রতিটা শহরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও নিরাপত্তাবাহিনী অনেক পরিশ্রম করেছে। নিয়মিতভাবে পাকিস্তান দুই বছর ধরে ক্রিকেট সিরিজ আয়োজন করছে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান সক্ষম এটা বোঝার ব্যাপারটি এখন অন্য বোর্ডগুলোর ওপর নির্ভর করছে।”

“আমাদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আমরা ফিরিয়ে আনতে চাই।”

নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও শ্রীলঙ্কা দল পাকিস্তান সফরে আসায় তাদের ধন্যবাদ জানিয়েছেন সরফরাজ, “তারা আমাদের দূত। বিশ্বকে তারা বলবে, ক্রিকেটের জন্য পাকিস্তান একটা নিরাপদ দেশ।”

সফরকারী শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানিয়েছেন সরফরাজ। পাকিস্তান সফরে আসলেও পুরো শক্তির দল নিয়ে আসেনি লঙ্কানরা। নিরাপত্তার অজুহাত দেখিয়ে দল ঘোষণার আগেই এই সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন দেশটির সিনিয়র ক্রিকেটাররা।

তাই বলে এই শ্রীলঙ্কা দলকে দুর্বল মানতে নারাজ সরফরাজ, “এটা আন্তর্জাতিক পর্যায়ের একটি দল। আপনি আন্তর্জাতিক পর্যায়ের একটি দলের বিপক্ষে ভাবলেশহীন থাকতে পারেন না। এটা দারুণ একটি লড়াই হবে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আমাদের সেরাটা দেব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত