ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো সেঞ্চুরিতে নিউজিল্যান্ডে একদিনের প্রস্তুতি ম্যাচে ক্যান্টারবারি একাদশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
বিশাল এই সংগ্রহে বড় অবদান তানজিদের। ৭৩ বলে তেরো চার ও দুই ছক্কায় ১০২ রান করেন ওপেনিং এই ব্যাটসম্যান। অর্ধশতক হাঁকিয়েছেন তৌহিদ হৃদয় (৫২)। ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন পাঁচ নম্বরে নামা শাহাদাত হোসেন।
দুই রানের জন্য অর্ধশতক মিস করেছেন তিন নম্বরে নামা পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ঝড় তুলে ৪২ রান করে রান-আউট হন আট নম্বরে নামা শামিম হোসেন।
এই সফরে স্বাগতিক নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে আকবর আলির দল। রোববার হবে সিরিজের প্রথম ওয়ানডে।
