মিসরে সিসি বিরোধী বিক্ষোভ ঘিরে গ্রেপ্তার ২ হাজার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:২৪ পিএম

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ পরিস্থিতিতে এখন পর্যন্ত দুই হাজার জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

মিডল ইস্ট আই জানায়, গত শুক্রবারে দেশজুড়ে বিক্ষোভের পর গতকাল পর্যন্ত হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করে দেশটির সরকার।

এক সপ্তাহ পেরিয়ে এই শুক্রবারও আরও প্রবল বিক্ষোভের সম্মুখীন হওয়ায় আরও গ্রেপ্তার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়ে যায় দুই হাজার।

একটি অধিকার সংস্থা জানায়, এখন পর্যন্ত ২০৭৫ জনের মতো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের অধিকাংশের বয়স ২৫ বছরের নিচে।

১৭ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে প্রেসিডেন্ট সিসিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন মিসরীয় অভিনেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আলী।

সিরিজ ভিডিওতে তিনি দাবি করেন, দেশ অর্থনৈতিক সংকটে থাকলেও সিসি কীভাবে বিলাসী জীবন-যাপন করছেন।

এরপর সিসির পদত্যাগ চেয়ে করা হ্যাশট্যাগে সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। ডাক দেওয়া হয় গণবিক্ষোভের। ২০ সেপ্টেম্বর দেশের প্রধান শহরগুলোতে রাস্তায় নেমে আসে মানুষ।

বিক্ষোভ দমনে কায়রোতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ। সেদিনই আটক করা হয় বেশ কয়েকজনকে। বিক্ষোভকে কেন্দ্র করে তাহরির স্কয়ারে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য।

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিক্ষোভের মুখোমুখি হলেন জেনারেল কাম প্রেসিডেন্ট সিসি। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে একে ‘মিথ্যা’ এবং ‘অপবাদ’ বলে দাবি করেন তিনি।

সাবেক এই সেনাপ্রধান ২০১৩ সালে মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক রক্তাক্ত সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত