সিএমপির অভিযানে ৫ হাজার মামলা, বেড়েছে হেলমেট বিক্রি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০ এএম

নগরীর অনিবন্ধিত মোটরসাইকেল বন্ধ এবং চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারে বাধ্য করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শেষ হচ্ছে আজ শনিবার। অভিযানে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ট্রাফিক আইন লঙ্ঘনে মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে প্রায় ৫ হাজার মামলা হয়েছে। এই সফলতার অংশ হিসেবে আগামীকাল রবিবার থেকে হাইড্রোলিক হর্ন বন্ধে বিশেষ অভিযান চালাবে সিএমপি।

সিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অনিবন্ধিত মোটরসাইকেল ব্যবহার করে দুর্বৃত্তরা নগরীতে ছিনতাই, অপহরণ ছাড়াও নানা অপরাধ ঘটাচ্ছে। ট্রাফিক আইনে চালক ও আরোহীর হেলমেট পরা বাধ্যতামূলক হলেও কেউ মানছে না। এ জন্য ২২ সেপ্টেম্বর থেকে নগরীর ১০টি গুরুত্বপূর্ণ স্পটে বিশেষ অভিযান শুরু করা হয়। ইতিমধ্যে নিউমার্কেট, টাইগার পাস, জিইসির মোড়, অক্সিজেন মোড়, শাহ আমানত সেতু, বাদামতলী, ইপিজেড মোড়, কাটগড়, আকবর শাহ ও অলংকার মোড়ে অভিযানে সফলতা এসেছে। অভিযানের প্রথম দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে দুই হাজারের বেশি মোটরসাইকেলচালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। দ্বিতীয় দিনে মামলা কিছুটা কমলেও বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিনে প্রায় ৫ হাজার মামলা দেওয়া হয়।

এদিকে অভিযানের ফলে নগরীতে হেলমেট বিক্রি বেড়ে গেছে। আগে যেখানে দিনে ৮-১০টি বিক্রি হতো। অভিযান চলাকালে ১০০ থেকে ১২০টি পর্যন্ত বিক্রি হচ্ছে। সড়কেও বিপুলসংখ্যক মোটরসাইকেল আরোহী হেলমেট ব্যবহার করছেন। নগরীর কদমতলী এলাকার মোটরপার্টস বিক্রেতা আবু তাহের দেশ রূপান্তরকে জানান, হঠাৎ করেই হেলমেট বিক্রি বেড়ে গেছে। দিনে এখন ১২০টিও বিক্রি হচ্ছে। বাড়তি চাহিদা মেটাতে তারা হিমশিম খাচ্ছেন। এর সঙ্গে মোটরসাইকেল নিবন্ধনের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে ভিড় বেড়েছে।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান দেশ রূপান্তরকে জানান, নগরীর মোটরসাইকেল যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন বিশৃঙ্খলা বিরাজ করছে। অনিবন্ধিত বাইকে দুর্বৃত্তরা সড়ক দাপিয়ে নানা অপরাধ করছে। বিশেষ অভিযানের মাধ্যমে সবার কাছে এ বার্তা পৌঁছে দিয়েছিÑ আইন লঙ্ঘন করলে কাউকে ছাড় নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত