চট্টগ্রাম বিমানবন্দরে শোডাউন অপপ্রচার ভেসে যাবে : হুইপ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৩ এএম

ক্যাসিনোবিরোধী চলমান অভিযানের সমালোচনা করে বেকায়দায় পড়া জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মী-সমর্থকদের নিয়ে শোডাউন করেছেন। এ সময় তিনি তার বিরুদ্ধে অপপ্রচার চলছে মন্তব্য করে বলেন, সব অপপ্রচার পানির স্রোতের মতো ভেসে যাবে। গতকাল বিকেলে একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম আসেন শামসুল হক চৌধুরী। এর আগেই তার কয়েক হাজার কর্মী-সমর্থক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে শাহ আমানত বিমানবন্দরে অবস্থান নেন। বিমানবন্দর থেকে বের হয়ে একটি খোলা জিপে দাঁড়িয়ে লাউড স্পিকারে কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন হুইপ। এ সময় তিনি বলেন, ‘মানুষকে বেকায়দায় ফেলে কোনো স্বার্থ হাসিল করা যায় না। যেসব অপপ্রচার চলছে তাতে ইনশা আল্লাহ আমার কিছু করতে পারবে না।’ তিনি বলেন, ‘ক্যাসিনো, জুয়া, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, আমি তার পক্ষে। নেত্রীর বিপক্ষে আমি যেতে পারব না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত