টেক্সাসের প্রথম শিখ পুলিশ অফিসার সন্দীপ ধালিওয়ালকে পেছন থেকে একাধিকবার গুলি করে হত্যা করা হয়েছে। চার বছর আগে তিনি শিখ সম্প্রদায়ের প্রথা অনুযায়ী কর্মক্ষেত্রে মাথায় পাগড়ি পরার অনুমতি পান।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দশ বছর ধরে ট্রাফিকের কাজ সামলানো ভারতীয় বংশোদ্ভূত সন্দীপ ধালিওয়াল চেকপোস্টে একটি গাড়িকে দাঁড়াতে বলেন। ওই গাড়ির ভেতরে ছিলেন একজন পুরুষ ও নারী। হঠাৎ গাড়ি থেকে একজন বেরিয়ে এসে তাকে লক্ষ্য করে একের পর এর গুলি চালান।
কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া বলেছেন, ‘ডেপুটি সন্দীপ ধালিওয়াল একজন পথপ্রদর্শক ছিলেন। ২০১৭ সালে হারিকেন ঝড়ের সময় উদ্ধার কাজে সাহসিকতার পরিচয় দেন।’
মুমূর্ষু অবস্থায় সন্দীপকে উদ্ধার করে হেলিকপ্টারে মেমোরিয়াল হারম্যান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছাতে পৌঁছাতে তিনি মারা যান।
এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসিটিভি দেখে খুনিকে ধরার অভিযান চলছে।
